নিজস্ব প্রতিবেদক : রাজনৈতিক পটপরিবর্তন ও গ্রেপ্তার এড়াতে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের অনেকেই বিএনপি'র নেতাদের সাথে ছবি তুলে ও তাদের অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিএনপি ঘরানার দাবি করছেন।
ছাত্রজনতা হত্যাসহ ডজন ডজন মামলার আসামি পদ ধারি নিষিদ্ধ সংগঠনের নেতা গ্রেপ্তার এড়াতে বিএনপির ছায়াতলে এসে নিজেকে রক্ষার চেষ্টা চালাচ্ছে।
এরকম একজন মমতাজ উদ্দিন ওরফে মোন্তাজ। তিনি ঢাকা জেলা উত্তর কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক। তার বিরুদ্ধে ছাত্র হত্যা মামলাসহ সাভার ও আশুলিয়া থানায় এক ডজনেরও বেশি মামলা রয়েছে। গ্রেপ্তারের ভয়ে কিছুদিন আত্মগোপনে থাকলেও এখন স্থানীয় বিএনপি নেতাদের ছায়াতলে এসে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।
অথচ গত ৫ই আগস্ট এর আগেও ঢাকা জেলা উত্তর কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মমতাজ উদ্দিন ওরফে মোন্তাজ বিভিন্ন সভা সমাবেশে বিএনপির সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে নানা কটুক্তি কর বক্তব্য দিয়েছেন। এছাড়া সাভারের সংসদ সদস্য ডঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুকে নিয়েও বিভিন্ন মন্তব্য করেছেন। সেসব বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
কৃষক লীগ নেতা মমতাজ উদ্দিন বিএনপিতে ভেড়ার চেষ্টার ঘটনাটি জানাজানি হওয়ার পর ব্যাপক মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকেই তাকে ‘সুবিধাবাদী নেতা’ হিসেবে আখ্যা দিয়েছেন। সমালোচকদের মতে, মামলা ও পুলিশের গ্রেপ্তার এড়াতেই মমতাজ উদ্দিনের মতো
অনেক নেতাকর্মী দলবদল করছেন। আবার সাধারণ মানুষের অনেকেই প্রশ্ন তুলেছেন, আওয়ামী লীগের বিতর্কিত নেতাকর্মীদের দলে ভিড়িয়ে বিএনপি তাদের রাজনৈতিক নৈতিকতাকে ক্ষুণ্ন করছে কিনা।
ডজন মামলার আসামি কৃষকলীগ নেতা মমতাজ উদ্দিনের বিষয়ের আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদার বলেন, মামলার আসামি যেই হোক কেউ পার পাবে না। অবশ্যই তাকেও আইনের আওতায় আনা হবে।
এ বিষয়ে কৃষকলীগ নেতা মমতাজ উদ্দিন বিএনপিতে অনুপ্রবেশের চেষ্টার বিষয়ে জানতে একাধিকবার ফোন করলেও তার দুটি নাম্বার বন্ধ পাওয়া যায়।