
স্টাফ রিপোর্টার : সাভার থানা রোডের মুক্তির মোড় এলাকায় ‘লাম মেডিকেল সার্ভিস’ নামের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিরুদ্ধে গভীর রাতে অসামাজিক কার্যকলাপ পরিচালনার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। গ্যাস সিলিন্ডার ও বিভিন্ন সামগ্রী বিক্রির আড়ালে রাতারাতি বিপুল অর্থ উপার্জনের লোভে প্রতিষ্ঠানটিতে দীর্ঘদিন ধরে অনৈতিক কাজ চালানো হচ্ছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের।
অভিযোগ সূত্রে জানা যায়, দিনের বেলায় স্বাভাবিক ব্যবসা পরিচালনা করা হলেও রাতের আঁধারে প্রতিষ্ঠানটির চিত্র সম্পূর্ণ বদলে যায়। গভীর রাতে প্রতিষ্ঠানের ভেতর নারীদের নিয়ে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনা করা হয়, যা প্রায় প্রতিনিয়ত ঘটছে। সম্প্রতি এই অসামাজিক কার্যকলাপের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়।
এলাকাবাসীর অভিযোগ, আবাসিক ও ব্যস্ততম একটি এলাকায় এমন কর্মকাণ্ডের ফলে স্থানীয় পরিবেশ ও যুবসমাজ মারাত্মক হুমকির মুখে পড়ছে। দীর্ঘদিন ধরে লোকচক্ষুর অন্তরালে এই অপকর্ম চললেও সম্প্রতি ভিডিওটি প্রকাশ্যে আসায় পুরো সত্য বেরিয়ে এসেছে।
এলাকার সচেতন নাগরিক ও সাধারণ ব্যবসায়ীরা দ্রুত তদন্ত সাপেক্ষে ‘লাম মেডিকেল সার্ভিস’-এর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং অসামাজিক কার্যকলাপের আস্তানাটি বন্ধের জন্য স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশু হস্তক্ষেপ দাবি করেছেন।
তবে প্রতিষ্ঠানটির মালিকদের একজন মাহিদুল মুঠোফোনে বলেন, বিষয়টা আমি জানার পর আমার তিনজন কর্মচারীকে চাকরিতে করেছি। তবে তিনি প্রশাসনকে বিষয়ে কোনো অবহিত করেননি বলেও জানান।
ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন স্থানীয় প্রশাসন।