
স্টাফ রিপোর্টার : সাভারে উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচার, মিথ্যা তথ্য ও ষড়যন্ত্রমূলক প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সাভার থানা ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব সামির। এসময় তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে একটি মহল পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে জনিয়ে দোষীদের শাস্তি দাবি করেন।
শনিবার দুপুরে সাভার সদর ইউনিয়নের দেওগাঁও এলাকায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে মাহাবুব সামির অভিযোগ করেন, দীর্ঘ ৮ বছর পর মাত্র ১৫ দিন আগেই আমাদের সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষনা করা হয় এবং শুক্রবার আমাকে কোন ধরনের নোটিশ না দিয়ে অব্যাহতি প্রদান করা হয়েছে। এক মাস আগে একজন কিশোরকে মারধরের ঘটনায় আমাকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। আমি চাই আপনাদের মাধ্যমে সত্যটা সবাই জানুক। যেখানে ভুক্তভোগী কিশোর এবং তার পরিবারের সদস্যরা নিজেরাই আমাদের নাম বলছেনা, আমি এটার সাথে জড়িতনা, সেখানে একটি মহল কেন আমাকে এই ঘটনার সাথে জড়িয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। কেন আমাকে জড়ানো হচ্ছে তা আমি নিজেও জানিনা।
মাহাবুব সামির বলেন, কিশোরকে মারধরে ঘটনায় যারা জড়িত আমি তাদের শাস্তি চাই। যদি আমার দলেরও কোন নেতাকর্মী জড়িত থাকে তাদেরও শাস্তি হোক। এমনকি যদি আমিও জড়িত থাকি তাহলে আমি আমার সর্বোচ্চ শাস্তিটুকু দাবি করছি। কিন্তু আমি যেটার সাথে জড়িত না তারপরও কেন আমাকে এটার সাথে জড়ানো হচ্ছে। একটি স্বার্থান্বেষী মহল আমাকে রাজনৈতিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্থ করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে মিথ্যা তথ্য ছড়াচ্ছে।
সামির বলেন, মাদক ব্যবসায়ী শামীমের সাথে প্রশাসন থেকে শুরু করে অনেকেই জড়িত ছিলো।
প্রসঙ্গতঃ শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকা জেলা উত্তর শাখার অধীনস্থ সাভার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন সামিরকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়ে।
Leave a Reply