
নিজস্ব প্রতিবেদক : সাভার উপজেলা ভূমি অফিসে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে নামজারি (খারিজ) করতে এসে হাতেনাতে ধরা পড়েছেন এক দালাল। জালিয়াতির অপরাধে ভ্রাম্যমাণ আদালত আশরাফ উদ্দিনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেলহাজতে পাঠিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল আমিন।
আটক আশরাফ উদ্দিন (৫৩) সাভারের ভাকুর্তা ইউনিয়নের খাগুড়িয়া এলাকার মৃত: আফসার উদ্দিনের পুত্র।
মঙ্গলবার দুপুরে সাভার উপজেলা ভূমি অফিসে একটি জমির নামজারি আবেদনের শুনানি চলাকালীন এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল আমিন বলেন, মিসকেস শুনানীর সময় মৃত ব্যক্তিকে জীবিত এবং জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে একাধিক মামলা করেছেন আশরাফ উদ্দিন। বিষয়টি সন্দেহ হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হলে এরকম কার্মকান্ডের কথা স্বাীকার করেন। এসময় ওই ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া একটি নিয়মিত মামলা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। যাতে এই চক্রে কারা কারা জড়িত রয়েছে, তা বের করা সম্ভব হয়।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সুমন আলী বলেন, আশরাফ উদ্দিন একজন প্রতারক। মৃত ব্যক্তির নাম ব্যবস্থা করে ও মৃত ব্যক্তির ওয়ারিশদের স্বাক্ষর জাল করে ভূমি অফিসে রিভিউ মামলা করেন। পরে মামলার শুনানিতে মৃত ব্যক্তি ও তার স্বজনদের স্বাক্ষর জাল করার বিষয়টি প্রমাণিত হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে সাজা দিয়েছেন ম্যাজিস্ট্রেট।
এই আইনজীবী আরো বলেন, ভাকুর্তা এলাকার অধিকাংশ মানুষ প্রতারকের কাছে জিম্মি ছিল। জাল দলিল ও ভুয়া কাগজপত্র তৈরি করে জমি বিক্রি করার ছিল তার নেশা। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতা হত্যার ঘটনায় সাভার মডেল থানায় তিনটি মামলা রয়েছে।
তবে আটক আশরাফ উদ্দিন বলেন, আমি একা নই এই ধরনের কর্মকাণ্ডের সাথে, ভূমি অফিসের কতিপয় লোকজনও জড়িত রয়েছে। তবে একাধিকবার বলার পরেও ম্যাজিস্ট্রেটের সামনে সেই ব্যক্তির নাম তিনি প্রকাশ করেননি।
সাজাপ্রাপ্ত ব্যক্তিকে বিকেলেই পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply